‘মথ’ ডালে রঙ মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি, অতঃপর…

0
193

বগুড়ায় ‘মথ’ ডালে রঙ মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রির অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের ডালপট্টিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্ষতিকর কেমিক্যাল রঙের উপস্থিতি পাওয়ায় চার প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের বগুড়া জেলা সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে প্রশান্ত অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার, শম্ভু অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার, বিন্তু ডালঘরকে ২০ হাজার এবং সুমন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়—সন্ধ্যার মধ্যেই দোকানে থাকা রঙ মেশানো ডাল সরিয়ে ফেলতে। কর্তৃপক্ষের উপস্থিতিতেই ব্যবসায়ী নেতারা সেই ডালের বস্তাগুলো একত্রিত করে সংশ্লিষ্ট আমদানিকারকের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। তবে দোকানিরা দাবি করেন, তারা এসব ডাল রাজশাহীর বানেশ্বর থেকে পাইকারি ক্রয় করেছেন। রঙ মেশানো হয়ে থাকলে সেটির দায় আমদানিকারক প্রতিষ্ঠানের। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল বলেন, মুগ ডালে পাওয়া ওই রঙ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোজ্যপণ্যে ভেজাল বা ক্ষতিকারক রঙ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here