বিকাশ-নগদ-রকেটে নতুন লেনদেন ব্যবস্থা, জানুন চার্জ কত

0
246

বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে আন্তঃপরিচালনাযোগ্য বা ইন্টার-অপারেবল লেনদেন চালু হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে এ সেবার আওতায় গ্রাহকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। একইভাবে এমএফএস অ্যাকাউন্ট থেকেও ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে। তবে প্রতিটি লেনদেনে নির্ধারিত হারে সেবা ফি দিতে হবে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) সোমবার (১৩ অক্টোবর) এক সার্কুলারের মাধ্যমে বিষয়টি জানায়। সার্কুলারে বলা হয়, এনপিএসবি প্ল্যাটফর্মে ব্যাংক, এমএফএস, পিএসপি ও ডিজিটাল ব্যাংক একক ব্যবস্থায় যুক্ত থাকবে। এতে গ্রাহকরা এক প্ল্যাটফর্মেই তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে এমএফএস বা এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। নতুন এই ব্যবস্থায় অর্থ প্রেরণের সময় প্রেরকের কাছ থেকে নির্দিষ্ট ফি কাটা হবে। ব্যাংক থেকে লেনদেনে সর্বোচ্চ ০.১৫%, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ০.২০%, আর এমএফএস (যেমন বিকাশ, নগদ, রকেট) সর্বোচ্চ ০.৮৫% ফি নিতে পারবে। অর্থ পাঠানোর আগে গ্রাহককে ফি জানাতে হবে এবং এই চার্জ প্রেরকের হিসাব থেকে কেটে নেওয়া হবে। প্রাপককে কোনো ফি দিতে হবে না। সুনির্দিষ্ট হারে খরচ হিসেবে— ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে ১ হাজার টাকায় ১ টাকা ৫০ পয়সা, পিএসপি থেকে মোবাইল অ্যাকাউন্টে ২ টাকা, আর এমএফএস থেকে ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ দিতে হবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ব্যাংক টু ব্যাংক লেনদেনের বর্তমান চার্জ অপরিবর্তিত থাকবে। দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here