২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বেকসুর খালাস -আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সত্য ও ন্যায়ের জয়, রাজনৈতিক প্রতিহিংসার অবসান””

By admin
3 Min Read

-মো.কামাল উদ্দিনঃ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভয়াবহ এক ট্র্যাজেডি—২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি বেকসুর খালাস পেয়েছেন। আজ আপিল বিভাগের চূড়ান্ত রায়ে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। দীর্ঘ দুই দশকের আইনি লড়াই ও রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে আদালতের এই রায়কে অনেকেই সত্য ও ন্যায়ের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হয়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে সমাবেশস্থল। প্রাণ হারান কেন্দ্রীয় নেতা আইভি রহমানসহ ২৪ জন, আহত হন তিন শতাধিক নেতাকর্মী। পুরো দেশ শোক ও আতঙ্কে নিস্তব্ধ হয়ে পড়ে।
হামলার ঘটনায় মূল অপরাধীদের গ্রেপ্তার না করে বিএনপি সরকারের শীর্ষ নেতাদের রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয় বলে অভিযোগ ছিল শুরু থেকেই। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে অন্যতম আসামি করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অসংখ্য অসঙ্গতি, সাক্ষ্যপ্রমাণের স্ববিরোধিতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে বারবার। আজকের রায়ে আপিল বিভাগ স্পষ্টভাবে জানায়—তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, “অভিযোগ প্রমাণিত করার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।” ফলে তিনি বেকসুর খালাস পান। রায় ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় বলেন,
“আজকের এই রায় কেবল তারেক রহমানের নয়, বরং দেশের মানুষের জন্যও স্বস্তির। রাজনৈতিক প্রতিহিংসার নোংরা অধ্যায়ের অবসান ঘটেছে।”
বিএনপি নেতাকর্মীরা ঢাকাসহ সারা দেশে আনন্দ মিছিল ও সমাবেশ করে রায়কে স্বাগত জানায়। তাদের ভাষ্য, “ন্যায়বিচার দেরিতে হলেও প্রতিষ্ঠিত হয়েছে।” বিশ্লেষকরা বলছেন, এ রায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতা তৈরি করবে। দীর্ঘদিন বিদেশে অবস্থানরত তারেক রহমান এখন দেশে ফেরার ক্ষেত্রে আইনি বাধা থেকে মুক্ত হলেন। তাঁর নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলীয় নেতারা।
২১ আগস্টের গ্রেনেড হামলা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। তবে আজকের রায় প্রমাণ করেছে—সত্য চেপে রাখা যায় না।
এই রায় শুধু তারেক রহমানের ব্যক্তিগত বিজয় নয়, বরং সত্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের বিজয়।
“রায়ের সংবাদে লন্ডনে অবস্থানরত তারেক রহমান—দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিহিংসার অবসানে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আনন্দ মিছিলে।

Share This Article
Leave a Comment