আরএনবির শীর্ষ দুই পদে ফের রদবদল, বিতর্কের কেন্দ্রে জহিরুল ইসলাম

0
184

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) আবারও শীর্ষ পদে রদবদল করেছে। পূর্বাঞ্চলের চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামকে পশ্চিমাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলের চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলামকে পূর্বাঞ্চলে বদলি করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রেলওয়ের পার্সোনাল-০১ শাখা থেকে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়। মাত্র এক বছরের ব্যবধানে তাদের আবারও স্থানান্তর করা হলো। আরএনবির দুই শীর্ষ কর্মকর্তার এই নিয়মিত রদবদলকে অনেকেই ‘সমঝোতার বদলি’ হিসেবে দেখছেন। এর আগেও ২০২১ ও ২০২৩ সালে একইভাবে তাদের স্থানান্তর করা হয়েছিল। রেলওয়ে সূত্র বলছে, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে। ১৮৫ সিপাহি নিয়োগে অনিয়ম, বদলি ও র‌্যাঙ্ক বাণিজ্য, কর্মকর্তাদের লাঞ্ছিত করা, নিজের বদলি আটকে দেওয়া—এমন নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দুদক তার ও তার স্ত্রীর প্রায় সোয়া চার কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে বলেও জানা গেছে। ফলে তাকে আবার পূর্বাঞ্চলে পাঠানোয় বাহিনীর ভেতরে উদ্বেগ বেড়েছে। জহিরুল ইসলামের চাকরিজীবন শুরু হয়েছিল ১৯৯০ সালে পিএসসিতে সাঁটমুদ্রাক্ষরিক কাম টাইপিস্ট হিসেবে। পরে ধাপে ধাপে সহকারী কমান্ডেন্ট, কমান্ডেন্ট হয়ে ২০২০ সালে চিফ কমান্ডেন্ট পদে উন্নীত হন। তার স্ত্রী জিন্নাতুল নাহার পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আরএনবিতে নিয়োগ জালিয়াতি, অবৈধ সম্পদ, গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টনে টাকা লেনদেনসহ নানা অভিযোগে জহিরুল ইসলামের বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে বদলি প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে আদেশ হাতে পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here