
চট্টগ্রামের নারী কথাসাহিত্যিকদের সৃজনশীল অবদান ও বাংলা গল্পের জগতে তাদের ভূমিকা নিয়ে ‘গল্পের ভুবনে চট্টগ্রামের নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর নন্দনকানন এলাকার ফুলকি মিলনায়তনে ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথাসাহিত্যিক ও বাংলাভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’-এর সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী ও ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের সভাপতি আনোয়ারা আলম। আলোচনায় অংশ নেন কথাশিল্পী মোহীত উল আলম, কথাশিল্পী বিশ্বজিৎ চৌধুরী, গবেষক উদিতি দাশ, কথাশিল্পী তহুরীন সবুর ডালিয়া এবং কথাশিল্পী মহি মুহাম্মদ। বক্তারা চট্টগ্রামের নারী কথাসাহিত্যিকদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং বাংলা গল্পের জগতে তাদের অবদান ও অবস্থান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নির্বাচিত গল্পকার হিসেবে বিচিত্রা সেন, রুনা তাসমিনা, মোহছেনা ঝর্ণা, সাজিয়া আফরিন ও নুরনাহার নিপার গল্প নিয়ে আলোচনা করা হয়। তাদের গল্পের বিষয়বস্তু, সাহিত্যিক বৈশিষ্ট্য ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় এলিজাবেথ আরিফা মুবাশ্শিরাকে। ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের ট্রেজারার ও কথাসাহিত্যিক সুবাস সর্ববিদ্যা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা পর্বের পাশাপাশি ছিল সংগীত পরিবেশনা। এতে অতিথি ও শ্রোতারা অংশ নেন। আয়োজনের ব্যবস্থাপনা ও আলোচনার মান নিয়ে উপস্থিত অতিথি ও শ্রোতারা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।