বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট

By admin
2 Min Read

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিতে দুবাইয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহের কথা জানান। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী হিসেবে উল্লেখ করে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগের কথাও জানানো হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। চাকরির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন। এ ছাড়া প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা ও এমিরেটস আইডি সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কর্মীদের আবাসনের ব্যবস্থাও করা হবে। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন বাবদ নির্ধারিত অর্থ মাসিক বেতন থেকে কর্তন করা হবে। সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন কপি, জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন কপি রাখতে বলা হয়েছে।

Share This Article
Leave a Comment