
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অতীত সময়ে দেশের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তবে বর্তমানে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। একজন প্রকৃত দেশপ্রেমিকের প্রধান লক্ষ্য থাকে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের যে শিক্ষা দিয়ে গেছেন, তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আফরোজা খানম রিতা আরও বলেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। একজন সত্যিকারের দেশপ্রেমিক কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হতে পারেন না। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার শিক্ষা দিয়েছেন। তাই অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস না করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান—এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে কেউ পথভ্রষ্ট হবে না এবং দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব হবে।