রাজধানীসহ ১৩ জেলায় রাতের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা

By admin
1 Min Read

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

Share This Article
Leave a Comment