
পানি সংকট বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে Asia National Assembly Water Consultative Board (AAWC)-এর মহাসচিব হা সাং জে-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। স্পিকার বলেন, বিশ্বজুড়ে পানি সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে এবং বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণের প্রশ্নে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান-এর মতো দক্ষিণ এশীয় দেশগুলো এ সমস্যার গুরুতর প্রভাব মোকাবিলা করছে। তিনি আরও উল্লেখ করেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বৈঠকে AAWC-এর মহাসচিব হা সাং জে বৈশ্বিক পানি সংকট সমাধানে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত করার জন্য স্পিকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি ২০২৬ সালে লাওস-এ অনুষ্ঠিতব্য AAWC-এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান। স্পিকার বলেন, পানি সমস্যা সমাধানে একটি কার্যকর আইনি কাঠামো গড়ে তুলতে ২০১৯ সাল থেকে AAWC যে উদ্যোগ অব্যাহত রেখেছে, তা প্রশংসনীয়। তিনি সংগঠনটির নেতৃবৃন্দকে এ প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং আশ্বাস দেন যে, পানি নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক আইন প্রণয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের সংসদ সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে তিনি সুপারিশ করবেন। একই সঙ্গে লাওসে অনুষ্ঠিতব্য পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানান। উল্লেখ্য, AAWC এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম। সংস্থাটি পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন-সংক্রান্ত আইন ও নীতিগত সহযোগিতা জোরদারে কাজ করে যাচ্ছে। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।