পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, দেয়ালে হিব্রু স্লোগান

By admin
2 Min Read

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে অবস্থিত রামাল্লার উত্তরের জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামে দুটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, বুধবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মসজিদ দুটিতে আগুন দেয় এবং দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে রেখে যায়। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে একদল বসতি স্থাপনকারী জিলজিলিয়া গ্রামে প্রবেশ করে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদের নারী নামাজিদের জন্য নির্ধারিত অংশ পুড়ে যায় এবং ভবনের বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়। গ্রামবাসীরা জানান, সম্প্রতি এলাকায় বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত মাসেও তারা গ্রামে হামলা চালিয়ে একটি ভেড়ার পাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।  একই দিনে পাশের মাজরা আল-নুবানি গ্রামেও আরেকটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়। এতে মসজিদের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা দুই মসজিদের দেয়ালেই হিব্রু ভাষায় নানা স্লোগান লিখে যায়। স্থানীয় ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ, জমি দখল এবং কৃষকদের নিজস্ব জমিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ইসরায়েলি বসতিগুলোর আশপাশের এলাকাগুলোতে এসব ঘটনার মাত্রা বেশি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে অন্তত ১,১৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১২,৬৬৬ জন আহত হয়েছেন। একই সময়ে প্রায় ২৩ হাজার মানুষকে আটক করা হয়েছে এবং প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Share This Article
Leave a Comment