সিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

By admin
2 Min Read

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ। স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে ৪ থেকে ৫ সদস্যের একটি দল জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, রাজীব টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দিচ্ছিলেন। এ সময় গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে রাজীবের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাকিম আলী আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং রাজীবকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হাকিম আলীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাকিম আলীর বড় ভাই হুকুম আলীর দাবি, ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৪ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রামবাসী আটক করে গণপিটুনি দেয়, যার ফলে তার মৃত্যু হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share This Article
Leave a Comment