‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’

By admin
2 Min Read

ফুটবল বিশ্বের ‘গোট’ বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিলেন ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ার্স মরগান। নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি বাদ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। এমনকি মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার বলতেও রাজি নন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সমর্থক হিসেবে পরিচিত মরগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেন। তার দলে জায়গা পেয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো মারাডোনা, রোনালদো নাজারিও এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে মেসির অনুপস্থিতি ঘিরে। ফুটবলভিত্তিক একটি জনপ্রিয় অ্যাকাউন্ট মরগানের একাদশ শেয়ার করে মন্তব্য করে, ‘পিয়ার্স মরগান তার সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন, অথচ সেখানে একজন বিস্ময়কর খেলোয়াড় নেই।’ জবাবে মরগান পোস্টটি পুনরায় শেয়ার করে লেখেন, ‘এতটা বিস্ময়কর নয়। মেসি তো আর্জেন্টিনারও সর্বকালের সেরা খেলোয়াড় নন। তাকে ছাড়াই আমার একাদশ নিখুঁত।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক ফুটবল সমর্থকের মতে, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে সর্বকালের সেরা একাদশে না রাখা নিছক ব্যক্তিগত পক্ষপাতের পরিচয়। তবে মরগান বরাবরই নিজের অবস্থানে অনড়। তার বিশ্বাস, মারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং মাঠে তার ব্যক্তিগত প্রভাব মেসির তুলনায় আরও বেশি ঐতিহাসিক ও প্রভাবশালী। ফুটবলে সর্বকালের সেরা কে— এ বিতর্ক বহুদিনের। প্রজন্ম, আবেগ, অর্জন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই আলোচনা বারবার নতুন মাত্রা পায়। পিয়ার্স মরগানের সাম্প্রতিক মন্তব্যও সেই বিতর্ককে আবারও উসকে দিল।

Share This Article
Leave a Comment