
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হবে। বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারাদেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ শিক্ষার্থী এর আওতায় আসবে। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সরকারের এ উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও অংশ নিচ্ছেন এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, চলতি বছর পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ কার্যক্রম আগামী অর্থবছরে বড় পরিসরে বাস্তবায়ন করা হবে এবং ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, সারা দেশে শিক্ষার্থীদের জন্য একই রঙের ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহ করা হবে, যাতে বৈষম্য না থাকে। এতে অভিভাবকদের আর্থিক চাপ কমবে এবং শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বাড়বে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে বিনামূল্যে বই ও মধ্যাহ্নভোজ সুবিধা পাচ্ছে। এর সঙ্গে নতুন করে ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুলব্যাগ যুক্ত হলে শিক্ষাব্যয় আরও কমবে। বৈঠকে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, তারা এ উদ্যোগে সহযোগিতা করবে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, জুতা সরবরাহের পাশাপাশি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনাও রয়েছে।