
ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিনই জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়েই নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই স্থানে একই দিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
এছাড়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি শুনেছেন।
প্রচলিত রীতি অনুযায়ী, সাধারণত সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার ব্যতিক্রম হিসেবে সংসদ ভবনেই মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বিএনপির পছন্দ অনুযায়ী জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত সব সরকারের শপথ বঙ্গভবনেই হয়েছে।