ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
137

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম (৫) ও ইয়াছিন (সাড়ে ৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা মামাতো-ফুপাতো ভাই; ইয়াছিনের বাবা সুমন ও রাহিমের বাবা শাকিল। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় একটি ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রাহিম মামার বাড়িতে বেড়াতে এসেছিল, আর ইয়াছিনের পরিবার থাকতেন ওই এলাকায় ভাড়া বাসায়। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে খেলতে বের হয় দুই শিশু। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা বাড়ি না ফিরলে খোঁজ শুরু হয়। রাত ১০টার দিকে পাশের একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকে তাদের নিথর দেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা সেখানে পড়ে যায়। ইয়াছিনের মা বলেন, “ভাত খেয়ে খেলতে গিয়েছিল, আর ফেরেনি। প্রতিদিন বিকেলে ঘুমায়, আজ সে এমন ঘুম ঘুমালো যে আর জাগছে না।” রাহিমের মা কান্নায় ভেঙে পড়েন, বলেন, “মামার বাড়িতে বেড়াতে এসেছিল, রাতে বাড়ি ফেরার কথা ছিল—কিন্তু সে যে চিরতরে চলে যাবে, তা কে জানত!” খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত দুই শিশুর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here