নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026) এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক। এই গৌরবময় অর্জনে তাঁকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
১৮ই অক্টোবর সন্ধ্যায় কবির চট্টগ্রামস্থ হিলভিউ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কবি নূরুল হক পরস্পরের শারীরিক খোঁজখবর নেন এবং সাহিত্যচর্চা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এসময় লায়ন জাহাঙ্গীর আলম কবি নূরুল হকের আন্তর্জাতিক এই গৌরবময় অর্জনে গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর ২০২৬ ভারতের নয়া দিল্লিতে ‘ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার’ (FOSWAL) এর উদ্যোগে আয়োজিত সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কবি নূরুল হকের হাতে এই সম্মাননা ও ২ লাখ টাকা প্রাইজমানি তুলে দেওয়া হবে। এ বছর দক্ষিণ এশিয়ার মাত্র ৬ জন বিশিষ্ট সাহিত্যিককে এই লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে কবি নূরুল হক বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ শেষে কবি নূরুল হক তাঁর নিজের লেখা দুটি জনপ্রিয় বই ইংরেজি কাব্যগ্রন্থ “AN ELEGY OF FALLEN LEAVES” এবং “মুকুলিত বৃক্ষের ছায়া” লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন।

