হ্যাকিং করে নাগরিকদের গোপন তথ্য কেনাবেচা, সিটিটিসির অভিযানে যুবক গ্রেফতার

0
42

সার্ভার হ্যাকিংয়ের মাধ্যমে নাগরিকদের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থের বিনিময়ে কেনাবেচার অভিযোগে অমিত পাল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর রমনা থানাধীন মগবাজার এলাকা থেকে সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার অমিত পাল টাঙ্গাইলের নাগরপুর থানার সহবতপুর এলাকার বাসিন্দা। তার বাবা অরুন চন্দ্র পাল এবং মা অঞ্জলি পাল।

সিটিটিসি জানায়, অমিতসহ একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সার্ভার হ্যাক করে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আসছিল। পরে এসব তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থের বিনিময়ে অবৈধভাবে কেনাবেচা করা হতো।

চক্রটির মাধ্যমে কেনাবেচা করা তথ্যের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্য, কল ডিটেইল রেকর্ড (CDR), জন্ম ও মৃত্যু সনদ, মোবাইলের রেডিও লোকেশন (LRL/LCL), বিকাশ-নগদ লেনদেনের তথ্য এবং পাসপোর্টের তথ্য হালনাগাদ-সংক্রান্ত তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে সিটিটিসি এই চক্রের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে চক্রটির সক্রিয় সদস্য অমিত পালকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অমিত পালসহ চক্রটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here