বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার, ৯০ দিনের মধ্যেই নতুন নিয়োগ: আইনমন্ত্রী

0
55

চট্টগ্রাম ব্যুরো:  সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিষয়ে সরকার সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবকিছু পর্যালোচনা করেই বিদায়ী রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। সরকারপ্রধান ও আমাদের ওপর এতটুকু ভরসা রাখতে হবে।” নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে তিনি বলেন, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। তাই রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী দাবি করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। উদাহরণ হিসেবে পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, কাগজে-কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। ছবির ক্যাপশন: চট্টগ্রামে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here