
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ সাফায়েত হোসেন শাওন মারা গেছেন। এ ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মা নুরজাহান বেগমের মৃত্যু হয়। নিহতের স্বজন সোহাগ পাটোয়ারী জানান, শাওনের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবারও তিনি কথা বলেছিলেন। তবে মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান। এ ঘটনায় দগ্ধ অপর সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।