মোহাম্মদপুরে থানা ঘেরাও করে জনতার বিক্ষোভ

By admin
1 Min Read

চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় প্রতিকার চেয়ে তারা থানা ঘেরাও করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আদাবরে চাঁদার দাবিতে এক এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তাদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার বিচার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন। রাত ১টার দিকেও বিক্ষোভ চলছিল এবং আন্দোলনকারীরা নানা স্লোগান দিচ্ছিলেন। মোহাম্মদপুর থানার সহকারী কমিশনার (এসি) জানান, আবির এমব্রয়ডারি কারখানায় বেতন দেওয়ার সময় ১০–১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল মোবাইল ও টাকা ছিনতাই। হামলায় কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্রমিকরা ছিনতাইকারীদের কথিত নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন, তবে তাকে না পেয়ে তার বাবাকে আটকে রাখেন। পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে রাসেলের বাবাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। এরপর উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তিনি আরও জানান, এমব্রয়ডারি কারখানার মালিক বাদী হয়ে মামলা করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত করছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share This Article
Leave a Comment