বৈশ্বিক এআই সম্মেলন শুরু ভারতে

By admin
2 Min Read

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন। কর্মসংস্থান, শিশু নিরাপত্তা, প্রযুক্তি নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে সোমবার পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এআই ইমপ্যাক্ট সামিট’ উদ্বোধন করে বলেন, এই আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের দ্রুত অগ্রগতির প্রতিফলন এবং দেশের তরুণদের সক্ষমতা তুলে ধরার বড় সুযোগ। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক এআই শাসনব্যবস্থা গঠনে একটি যৌথ রোডম্যাপ তৈরি করা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থী, ২০ জন রাষ্ট্র বা সরকারপ্রধান এবং ৪৫টি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও এতে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান এবং গুগলের সিইও সুন্দর পিচাই। তবে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং নির্ধারিত সফর বাতিল করেছেন।

সম্মেলনের ফাঁকে মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আগামী দশকে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

তবে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে—এআই কোম্পানিগুলোকে বাস্তবভাবে কতটা জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। অনেকের মতে, আগের সম্মেলনগুলোর বড় অংশের প্রতিশ্রুতিই ছিল স্বেচ্ছানিয়ন্ত্রণভিত্তিক।

সম্মেলনে এআই নিরাপত্তা অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ডিপফেকসহ ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি এবং ক্ষতিকর কনটেন্ট তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জেনারেটিভ এআই সহজেই ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে পারায় শিশু নিরাপত্তা এখন বড় উদ্বেগের জায়গা।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়নশীল কোনো দেশে এটিই প্রথম বড় বৈশ্বিক এআই সম্মেলন। আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে এমন একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যাতে এআই প্রযুক্তি সবার কল্যাণে কাজে লাগে। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগোতে ভারতের সামনে এখনও দীর্ঘ পথ বাকি।

Share This Article
Leave a Comment