স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

By admin
1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথবাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে নতুন সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন সম্পন্ন না করা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, শপথগ্রহণের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারেন। এ কারণে সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে।

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ঠিক কবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, সে বিষয়ে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেদিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সেই দিন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথবাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবারও তাদের আগমন উপলক্ষে সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যই সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

Share This Article
Leave a Comment