
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, এনসিপি থেকে পদত্যাগ করা নেতাদের সঙ্গে আলোচনা চলছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আখতার হোসেন বলেন, “যারা পদত্যাগ করেছেন, তাদের পদক্ষেপ আমাদেরকে আহত করেছে। তবে তাদের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”জাতীয় নির্বাচনের আসন বিন্যাস বিষয়ে তিনি জানান, “আসন সংক্রান্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমাদের আহ্বায়ক ইতিমধ্যেই বলেছেন, এটি আদর্শিক জোট নয়, বরং নির্বাচনী সমঝোতা।”জাতীয় পার্টির প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “যে জাতীয় পার্টি স্বৈরাচার সৃষ্টি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। এজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হলে এটি স্বৈরাচারকে পুনর্বাসনের খেলায় পরিণত হবে।”