স্টার্ক ভাঙলেন আকরামের দীর্ঘদিনের রেকর্ড

0
133

ব্রিসবেনের গোলাপি আলোয় সেই রেকর্ড ভাঙলেন মিচেল স্টার্ক, যা বছরের পর বছর ধরে অপ্রতিরোধ্য মনে করা হচ্ছিল। টেস্ট ক্রিকেটে বামহাতি পেসারদের তালিকায় নতুন নাম লিখলেন অস্ট্রেলিয়ার এই গতি তারকা, পেছনে ফেলে দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে। বৃহস্পতিবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের ডে–নাইট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে স্টার্ক ইতিহাস গড়েন। বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুককে সাজঘরে ফেরিয়ে তিনি পৌঁছে যান ৪১৫ টেস্ট উইকেটে—যা কোনো বামহাতি পেসারের সর্বোচ্চ। এত দিন এই কীর্তির মালিক ছিলেন ওয়াসিম আকরাম, যিনি ১০৪ টেস্টে ৪১৪ উইকেট তুলেছিলেন। স্টার্ক সেখানে পৌঁছালেন মাত্র ১০২ ম্যাচে, এবং রিপোর্ট লেখা পর্যন্ত আরও তিনটি উইকেট যোগ করেছেন। ডে–নাইট টেস্টের প্রথম সেশনেই ম্যাচের গতি বদলে দেন স্টার্ক। নিজের প্রথম ওভারের শেষ বলেই বেন ডাকেটকে গোল্ডেন ডাকের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। পরের ওভারে অলি পোপও শূন্য রানে ফিরে যান। শুরুতেই ইংল্যান্ড দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। স্টার্ক এই ম্যাচে আরও একটি অনন্য রেকর্ডও গড়েছেন। গোলাপি বল টেস্টে তাঁর উইকেটসংখ্যা ৮৪-এ পৌঁছেছে, যা ডে–নাইট টেস্টের ইতিহাসে সর্বোচ্চ। সতীর্থ প্যাট কামিন্সের চেয়ে তাঁর সংখ্যা ৪১ উইকেট বেশি। এছাড়া, ডে–নাইট টেস্টে এক প্রতিপক্ষ (ইংল্যান্ড) বিরুদ্ধে ২০-এর বেশি উইকেট নেওয়া প্রথম বোলারও এখন স্টার্ক। শেষ খবর পাওয়া পর্যন্ত, ইংল্যান্ড ৬৯ ওভারে ৯ উইকেটে ২৭২ রান সংগ্রহ করেছে। এক স্পেলে ম্যাচের রূপ বদলে দিয়ে স্টার্ক আরেকটি বিকেলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সম্মানিত রেকর্ড ভেঙে দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here