মানুষ কতদূর বন্ধুত্বের জন্য যেতে পারে, তার অনন্য উদাহরণ যশোরের শার্শায় এসেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ং। প্রায় চার হাজার কিলোমিটার উড়ে তিনি পৌঁছান শার্শা উপজেলার রাজনগর গ্রামের মুকুল হোসেনের বাড়িতে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সিমকো ইয়ং। তাকে স্বাগত জানান তার দীর্ঘদিনের বন্ধু মুকুল হোসেন। সকাল ১০টার মধ্যে মুকুল সিমকো ইয়ংকে নিয়ে পৌঁছান রাজনগরস্থ নিজের বাড়িতে। এক নজর দেখতে স্থানীয় মানুষের ঢল নামে চারপাশে, এবং গ্রামে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। মুকুল হোসেন জানান, তিনি প্রায় ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেই প্রতিষ্ঠানের মালিক সিমকো ইয়ংয়ের সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব। কাজ শেষ হয়ে দেশে ফেরার পরও সেই বন্ধুত্ব অটুট রেখেই সিমকো ইয়ং বাংলাদেশে মুকুলের খোঁজ নিতে এসেছেন। বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিমকো ইয়ং বলেন, “বাংলাদেশ খুব সুন্দর দেশ। এখানকার মানুষ অত্যন্ত ভালো এবং আন্তরিক। দেশটি আমার খুব পছন্দ হয়েছে।” স্থানীয়রা জানিয়েছেন, একজন বিদেশি অতিথি তাঁদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত। সিমকো ইয়ংয়ের আগমন গ্রামে এনে দিয়েছে ভিন্নরকম আনন্দ ও উৎসবের রঙ।