আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো

0
122

বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ী ব্যক্তির তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং আইন সচিবকে নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা নিয়েছেন এবং বিরোধীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন। আইজিপির নাম প্রতিবেদনে আসার পর প্রশাসনের ভেতরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এ অবস্থায় তার ভবিষ্যৎ নিয়েও চলছে বিভিন্ন জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here