দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। রোববার (৩০ নভেম্বর) ভোর ৬টায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।অধিদপ্তরের জারি করা ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৭৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৭৩০ কিলোমিটার, মোংলা থেকে ১৬৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৬৪৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তরের দিকে অগ্রসর হতে পারে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ সময় ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সমুদ্র এলাকা অত্যন্ত উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।
