**ঋণের বোঝা মাথায়, কৃষক তাপসের স্বপ্ন ধানক্ষেতেই পুড়ে ছাই**

0
133

চট্টগ্রামের ফটিকছড়িতে সাড়ে ৩ লাখ টাকা ঋণ করে ধান চাষ করেছিলেন কৃষক তাপস দে। কিন্তু ঘরে তোলার আগ মুহূর্তেই দুর্বৃত্তদের আগুনে চারশ শতক জমির কাটা আমন ধান পুড়ে যায়। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহানগর গ্রামের কেশব কুমার বাবুর বাড়ির সামনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, তাপস দে ও তার পরিবার বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১২ কানি বর্গা জমিতে আমন চাষ করেছিলেন। মাঠে ভালো ফলনও হয়েছিল। কেটে রাখা ধান জমির ওপর স্তূপ করেই রাখা ছিল। দুর্বৃত্তরা সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে ১০ কানি বা প্রায় ৪০০ শতক জমির সব ধান পুড়ে ছাই হয়ে যায়। তাপসের স্ত্রী রিংকু রানী দে বলেন, “আমরা সবাই মিলে এনজিও থেকে সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়েছি। এভাবে ধান পুড়িয়ে আমাদের পরিশ্রম আর স্বপ্ন শেষ করে দিল। এখন পুরো ঋণের বোঝা মাথায়। আমরা ন্যায় বিচার চাই।” তাপস দে ও কিল্টন দে জানান, ধানের স্তূপ পাহারায় তারা রাতে বারবার ঘুম থেকে উঠতেন। ঘটনার দিন রাত ৩টার দিকে গিয়ে দেখেন ধানের মধ্যে আগুন জ্বলছে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সব ধান পুড়ে যায়। অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করে তারা প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। ঘটনার পর একই এলাকার সানী দাশ, প্রদীপ কুমার দাশ ও তয়ন দেবের বিরুদ্ধে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক। হারুয়ালছড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, “গরিব পরিবারটি ঋণ করে চাষ করেছে। ফলন ওঠার ঠিক আগ মুহূর্তে এমন ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক।” ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফটিকছড়ি ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here