সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ

0
232

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড মূল্য, পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে এই সুপারিশ করা হয়েছে। ফলে বছরের শেষ দিকে আবারও ভোজ্যতেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংস্থাটি। বিটিটিসি জানায়, গত ২৭ জুলাইয়ের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা ও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এলসির খরচ বেড়ে গেছে। নভেম্বরে শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার, আর পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই প্রেক্ষাপটে সংস্থাটি নতুন করে দাম সমন্বয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের নতুন দাম নির্ধারণের কথা বলা হয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকার পরিবর্তে বেড়ে দাঁড়াবে ১৯৮ টাকা ২৭ পয়সা, আর খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here