**ভারতে গেইল-থিসারা পেরেরাদের ফাঁদে ফেলে পালালো আয়োজকরা**

0
129

ভারতের জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগে (আইএইচপিএল) অংশ নিতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রিস গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডারের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা। হঠাৎ আয়োজকদের পালিয়ে যাওয়ায় খেলোয়াড়রা এখন পড়ে গেছেন চরম বিব্রতকর পরিস্থিতিতে। ২৫ অক্টোবর শ্রীনগরে আট দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। তবে শনিবার সকালে খেলোয়াড়দের জানানো হয়, ‘কারিগরি ত্রুটি’র কারণে খেলা বাতিল করা হয়েছে। পরদিন সকালে জানা যায়—আয়োজকরা আগের রাতেই শ্রীনগর ছেড়ে পালিয়ে গেছেন! হোটেল কর্তৃপক্ষ জানায়, আয়োজকরা তাদের বিল পরিশোধ না করেই উধাও হয়েছেন। সে সময় হোটেলে প্রায় ৪০ জন ক্রিকেটার ও কর্মকর্তা অবস্থান করছিলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা মেলিসা জুনিপার বলেন, “আয়োজকরা কোনো বিল পরিশোধ করেননি। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজেদের বের করে আনতে পেরেছি।” হোটেলটির এক কর্মকর্তা জানান, “আয়োজকরা ক্রিকেটারদের জন্য ১৫০টি রুম বুক করেছিলেন। বলেছিলেন, ক্রিস গেইলের মতো তারকারা কাশ্মীরের পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু রোববার দেখি, তারা হাওয়া—এক টাকাও পরিশোধ করেনি।” গেইল ছাড়াও শ্রীলঙ্কার থিসারা পেরেরা, নিউজিল্যান্ডের জেসি রাইডার, দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি ও ওমানের আয়ান খান খেলতে গিয়েছিলেন টুর্নামেন্টে। প্রচারণার পোস্টারগুলোতেও দেখা গেছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বড় ছবি। টুর্নামেন্টের অফিসিয়াল ভিডিওতেও সাকিবের অংশগ্রহণের কথা জানানো হয়েছিল, যদিও তিনি আসলেই খেলেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here