টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজানে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। খাল-বিল ও নদ-নদীর পানি বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে চরম দুর্ভোগে দিন কাটছে বন্যাকবলিত মানুষের। এ পরিস্থিতিতে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এক অডিও বার্তায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সংসদ সদস্যের নির্দেশনা এবং সামির কাদের চৌধুরীর তত্ত্বাবধানে রাউজান উপজেলা যুবদল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে পাহাড়তলী, কদলপুর ও বাগোয়ান ইউনিয়নের পানিবন্দি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন। যুবদলের নেতারা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দি মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।