২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যেই কিছু দল নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে, আবার কয়েকটি দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে। তবে বেশিরভাগ গ্রুপে এখনো শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে দলগুলোর ভবিষ্যৎ। গ্রুপভিত্তিক বর্তমান অবস্থান নিচে তুলে ধরা হলো— গ্রুপ ‘এ’ টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ৬ পয়েন্টসহ গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। তারা ইতোমধ্যে শেষ ৩২-এ খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা উভয়েরই সংগ্রহ ১ পয়েন্ট। তবে ফেয়ার প্লে নিয়মে এগিয়ে থাকায় চেক প্রজাতন্ত্র বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে, আর দক্ষিণ আফ্রিকা চতুর্থ।