দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সীমান্তবর্তী ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার (৮ জুন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি—এই ১১ জেলায় উপজেলা ও থানা আনসার, পাশাপাশি ভিডিপি ও টিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহ নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে। আনসার-ভিডিপি জানিয়েছে, এই উদ্যোগ জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমকে সহায়তা করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে উঠছে।