ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে তারা আপাতত আজকের মতো চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে। রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন, আজকের কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না। শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং নিজেদের ভবিষ্যৎ ও ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘমেয়াদি আন্দোলন। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, গাবতলী এলাকায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অধিকাংশ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করে। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতেও দেখা গেছে।