আব্দুল ওয়াহেদ চৌধুরী
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে লালার হাট ডিসি সড়কে রায়খালী খালের ওপর নির্মিত পুরনো সেতুটি—যা স্থানীয়ভাবে ‘মাইল্লের পুল’ নামে পরিচিত—বর্তমানে ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে। সেতুর এক প্রান্তে বড় গর্ত সৃষ্টি হয়ে তা ক্রমেই বিস্তৃত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে গর্তটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করছেন বহু মানুষ, যার মধ্যে রয়েছে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবক, চাকরিজীবী ও রিকশাচালক। স্থানীয় বাসিন্দা জুবায়ের আহমেদ জানান, ‘তিন-চার মাস আগে গর্তটা দেখা দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।’
এই ব্রিজ দিয়েই প্রতিদিন স্কুলে যায় তার সন্তানরা, জানালেন সাবিনা আক্তার। তিনি বলেন, ‘এই সেতুর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমরা প্রতিদিন দুশ্চিন্তায় থাকি—না জানি কখন বড় দুর্ঘটনা ঘটে।’
অটোরিকশাচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমি প্রতিদিনই এই ব্রিজ পার হই যাত্রী নিয়ে। সেতুর অবস্থার কথা সবাই জানে, তবুও কেউ এগিয়ে আসছে না।’
স্থানীয়দের অভিযোগ, বারবার জানালেও সেতুটির কোনো সংস্কার হয়নি। অনেকেই বলছেন, এটি দ্রুত বন্ধ ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমরা বিষয়টি জানি। তবে আপাতত গর্ত ভরাটের মতো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অনুদানের জন্য আবেদন করা হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’ তিনি আরও বলেন, ‘ব্রিজটি নির্মাণের সময় খালটি ছোট ছিল। এখন খালের প্রস্থ বেড়ে যাওয়ায় সেতুটি আকারে ছোট হয়ে গেছে। তাই নতুন একটি ব্রিজ নির্মাণের জন্যও প্রস্তাব পাঠানো হয়েছে।’